সংবাদদাতা, শীতলকুচি: পরীক্ষাকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় টোটো উল্টে জখম হল চার মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার ঘটনাটি ঘটে সিতাই-শীতলকুচি রাজ্যসড়কের পাঁচপির সংলগ্ন এলাকায়। স্থানীয়রা জখম পরীক্ষার্থীদের উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। স্থানীয়রা জানান, শীতলকুচি থেকে বড় মরিচার দিকে যাওয়ার সময় একটি পিকআপভ্যান পিছন থেকে ধাক্কা মারলে রাস্তার পাশে উল্টে যায় টোটোটি। যদিও দুর্ঘটনার পর পালিয়ে যায় পিকআপভ্যানটি। খবর পেয়ে শীতলকুচি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনাগ্রস্ত টোটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিস সূত্রে খবর, জখমদের নাম মামনি খাতুন, শামিনুর মিয়াঁ, রিমি খাতুন এবং রিঙ্কি খাতুন। প্রত্যেকে বড়মরিচা দেলোয়ার হোসেন হাইস্কুলের পড়ুয়া। এদিন তাদের ভূগোল পরীক্ষা ছিল শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে যায়। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক পিকআপভ্যানের খোঁজ শুরু হয়েছে।



