Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পরীক্ষা চলাকালীন কলেজে ‘তাণ্ডব’ এসএফআইয়ের, রক্তাক্ত হল পুলিস

পরীক্ষা চলাকালীন কলেজে ‘তাণ্ডব’ এসএফআইয়ের, রক্তাক্ত হল পুলিস
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার দুপুরে কলেজে চলছিল পরীক্ষা। আর তখনই ডেপুটেশনের নামে কলেজ চত্বরে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগ উঠল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই’র বিরুদ্ধে। বিক্ষোভ,স্লোগান থেকে মারধরের ঘটনায় তেতে ওঠে বারাসত শহর। পরিস্থিতি সামাল দিতে গেলে জখম হন এক পুলিসকর্মী। পাশাপাশি এদিন বিকালে জেলাশাসকের কাছে আর জি কর ইস্যুতে ডেপুটেশন জমা দিয়েছে এসএফআই।
Advertisement
অভয়ার বিচারের দাবিতে সোমবার রাস্তায় নেমেছিল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। প্রতিবাদ মিছিল চলাকালীন পানিহাটি কলেজের সামনে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় তারা। মঙ্গলবারও একই কর্মসুচি ছিল। সকালে মধ্যমগ্রামের আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজের সামনে একই দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এরপরই তারা মিছিল করে মধ্যমগ্রাম থেকে চলে আসে বারাসতের ১১ নম্বর রেলগেট সংলগ্ন বারাসত কলেজের সামনে। কলেজে চলছিল বিএ, বিকম ও বিএসসির সেমিস্টার। নিয়মানুযায়ী বন্ধ ছিল কলেজের মূল গেট। অভিযোগ,পরীক্ষা চলাকালীনই এসএফআইয়ের সদস্যরা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায়। চলে স্লোগানও। কলেজের গেটে এসএফআইয়ের পতাকাটাঙিয়ে দিয়ে বিক্ষোভ দেখায়। গেট ধরে ধাক্কাধাক্কি করে। পরীক্ষা চলাকালীনই বিক্ষোভ,স্লোগানের প্রতিবাদ করতেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতিও হয় বাম ছাত্র সংগঠনের কর্মীদের। এই নিয়ে কলেজের সামনে একদফা উত্তেজনা হয়। বারাসত থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। এরপর এসএফআইয়ের কর্মীরা চলে আসে বারাসত গভর্নমেন্ট কলেজে। কলেজের গেট তখন বন্ধ ছিল। ভিতরে ছিল টিএমসিপির সদস্যরা। গেটের বাইরে থেকেই একই দাবিতে বিক্ষোভ দেখায় তারা। চলে স্লোগানও পাল্টা শ্লোগান। গেটে ধরে ধাক্কাধাক্কি করা হয়। লাঠি দিয়ে গেটের ভিতরে থাকা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের দিকে তেড়ে যায় মারমুখী এসএফআইয়ের সদস্যরা। ‘টিএমসিপি’র চামড়া, গুটিয়ে নেব আমরা’ স্লোগান ওঠে। এই নিয়ে দু’পক্ষের মধ্যে চলে বচসা। পুলিস গেলে শুরু হয় তুমুল ধস্তাধ্বস্তি। অভিযোগ,সেই সময় এসএফআইয়ের কর্মীদের হাতে আক্রান্ত হন বারাসত থানার এক সাব-ইন্সপেক্টর সঞ্জয় পান্তি। ঝান্ডার ডান্ডা দিয়ে আক্রমণ করা হয় তাঁকে। তাঁর মুখে চোট গুরুতর, ভেঙে যায় দাঁত। তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। এরপর এসএফআইয়ের কর্মীরা আসে জেলাশাসকের দপ্তরে। পুলিসি পাহারায় তারা ডেপুটেশন জমা দেয়। 
এসএফআই’র জেলা কমিটির সদস্য বিপ্রজিৎ ঘোষ বলেন, তিলোত্তমার ন্যায় বিচার এবং কলেজে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের কর্মসুচি ছিল। বারাসতের দুটি কলেজেও এই কর্মসুচি ছিল। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে তৃণমূল। পুলিসকে আক্রমণের অভিযোগ উড়িয়েছেন তিনি। এ নিয়ে বারাসত গভর্নমেন্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৌশিক কর্মকার বলেন, পরীক্ষা চলাকালীন কলেজ চত্বরে হামলা ও তাণ্ডব চালিয়েছে এসএফআই। আমাদের ছেলেরা সংযত থেকেছে। না হলে বড় বিপত্তি ঘটে যেতে পারত। তিলোত্তমার বিচারের দায়িত্ব সিবিআইয়ের। ওরা অবুঝ। তাই এখানে লাফালাফি করছে। পারলে সিজিও কমপ্লেক্সে গিয়ে লম্ফঝম্ফ করুক। ওরা পুলিসকে মেরেছে। মানুষ ওদের প্রত্যাখান করেছে, তাই হতাশা থেকে এই সব করছে।
সম্পর্কিত সংবাদ