Bartaman Logo
২৭ মে, ২০২৬

পরীক্ষা বন্ধ করতেই ২৩টি স্কুলে বোমা মারার হুমকি, দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে আটক করল পুলিস

পরীক্ষা বন্ধ করতেই ২৩টি স্কুলে বোমা মারার হুমকি, দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে আটক করল পুলিস
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি: সম্প্রতি রাজধানী দিল্লির একের পর এক স্কুলে বোমা মারার হুমকি দেওয়া হচ্ছিল। রীতিমতো আতঙ্কে দিন কাটছিল পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের। স্থানীয় পুলিস-প্রশাসনও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছিল। কখনও স্কুলে ছুটত বম্ব স্কোয়াড। কখনও পুলিস কুকুর দিয়ে চলত তল্লাশি। কিন্তু দিনের শেষে স্কুল ছুটি দেওয়া আর ভোগান্তি ছাড়া কিছুই মেলেনি। অবশেষে রহস্যের উন্মোচন। দিল্লিতে স্কুলে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এক দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে আটক করল পুলিস। জানা গিয়েছে, স্কুলের পরীক্ষা বাতিল করতেই এই ফন্দি এঁটেছিল সে। দিল্লির মোট ২৩টি স্কুলে ইমেল মারফত হুমকি বার্তা পাঠিয়েছিল। 
Advertisement
পুলিসি জেরায় সমস্ত কথা স্বীকার করেছে ওই কিশোর। মোট ছ’বার সে হুমকিবার্তা পাঠিয়েছিল। প্রত্যেকবারই নতুন নতুন স্কুলকে টার্গেট করত। তবে একদম শুরুতেই তালিকা থেকে নিজের স্কুলকে বাদ রেখেছিল। যাতে কেউ সন্দেহ না করে। অবশেষে তাকে পাকড়াও করে পুলিস। সে জানায়, স্কুলে পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল না। তাই পরীক্ষা বাতিল করতেই এই পরিকল্পনা করেছিল। তবে এই প্রথম নয়। গতমাসেও দিল্লির ৪০টির বেশি স্কুলে এভাবেই ভুয়ো হুমকিবার্তা দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ