Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকল্পের নকশা না মেনে নির্মাণ, সানশেড ভেঙে আহত চার শিশু

প্রকল্পের নকশা না মেনে নির্মাণ, সানশেড ভেঙে আহত চার শিশু
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: সরকারি নকশার তোয়াক্কা না করেই নিজের পচ্ছন্দ মতো বাড়ি বানাতে গিয়ে বিপত্তি। ভেঙে পড়ল নির্মীয়মাণ একটি ঘরের সিঁড়ির সানশেড। এই দুর্ঘটনায় এক কিশোরী সহ চার শিশু আহত। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে, উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বাণীতলা শা’পাড়ায়।
Advertisement
আবাস প্রকল্পে সরকারি নকশা অনুযায়ী সেখানে এক উপভোক্তার বাড়ি তৈরি হচ্ছিল। মাঝখানে কিছুদিন ওই বাড়ি তৈরির কাজ বন্ধ ছিল। অভিযোগ, তখনই বাড়ির মালিক তাঁর ইচ্ছে মতো সিঁড়ি ঘর নির্মাণ করেন। এদিন দুপুরে নির্মীয়মাণ ওই বাড়িটির সামনে খেলা করছিল এক কিশোরী সহ চার শিশু। অভিযোগ, তখনই সিঁড়ি ঘরের সানসেড আচমকা ভেঙে পড়ে। শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে যায়। পরে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, সরকারি প্রকল্পে নকশা না মেনে কীভাবে উপভোক্তা নিজের মতো বাড়ি করছিলেন, এই ঘটনার পরে সেই প্রশ্ন উঠেছে। এই বিষয়ে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী হস্তান্তর করার আগে পর্যন্ত উপভোক্তা বাড়িতে কোনও নির্মাণ করতে পারেন না। এক্ষেত্রে কেন উপভোক্তা নিজের ইচ্ছে মতো নির্মাণ করছিলেন, সেটা খতিয়ে দেখে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
সম্পর্কিত সংবাদ