Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি সরানো নিয়ে ক্ষোভ, চাপানউতোর

পার্ক থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি সরানো নিয়ে ক্ষোভ, চাপানউতোর
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ার গোলঘর এলাকার একটি পার্ক থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি সরানো হয়েছে। প্রাক্তন ওই বিধায়ক সত্যনারায়ণ সিং হলেন বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাবা। রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করা হয়েছে বলে অর্জুনের অভিযোগ। যদিও ভাটপাড়া পুরসভার দাবি, পার্ক সংস্কার এবং পাইপলাইনের কাজের জন্য ওই মূর্তি সরানো হয়েছে। সংস্কারের কাজ শেষ হলে যথাযোগ্য মর্যাদায় তা ফের স্থাপন করা হবে।  ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক লাগোয়া শিশু উদ্যানে কয়েক বছর আগে বসানো হয়েছিল অর্জুন সিংয়ের বাবা ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংয়ের মূর্তি। ২০১২ সালে উদ্বোধন হওয়া পার্কটির নামকরণও হয় সত্যনারায়ণ সিংয়ের নামে। অভিযোগ, ওই পার্ক থেকে আচমকা উধাও হয়ে গিয়েছে সত্যনারায়ণ সিংয়ের মূর্তি। এতে ক্ষুব্ধ অর্জুন সিং তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। যদিও ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহা বলেন, মূর্তি সরানো হয়নি। যে অংশে মূর্তি ছিল, সেখানে জলের পাইপলাইনের কাজ ও পার্কটির সংস্কার করা হচ্ছে। তাই মূর্তি তুলে রাখা আছে। সংস্কারের কাজ শেষ হলে ফের তা স্থাপন করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ