নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্কসার্কাস এলাকায় এক অভিজাত মলের সামনে দুষ্কৃতীরা ছিনতাই করে যে বাইকে করে পালিয়ে গিয়েছিল, তার কোনও নম্বর প্লেট ছিল না। বাইকটিও পুরনো। ১২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে এই তথ্য হাতে পেয়েছে পুলিস। একইসঙ্গে এই ছিনতাইয়ের ঘটনায় টিপার হিসেবে যে কাজ করেছিল, তাকে চিহ্নিত করা গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই পুলিস ওই এলাকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তা বিশ্লেষণ করে তদন্তকারীরা ধারণা, পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে বাইক ফেলে বাসে উঠছে দুই অভিযুক্ত। ওই বাইকের খোঁজ চলছে। সোমবারের ওই ঘটনার পর মঙ্গলবার এই এলাকায় নাকা চেকিং বসানো হয়েছে।
Advertisement
পার্ক সার্কাসের ওই মলের সামনে ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তরা এখনও অধরা। মলের সামনে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীরা নিশ্চিত যে, বাইকের সামনে ও পিছনে কোনও নম্বর প্লেট ছিল না। বাইক নিয়ে দুষ্কৃতীরা কোন দিক থেকে এসেছে এবং ছিনতাইয়ের পর কোন দিকে পালিয়েছে, তা জানতে তদন্তকারীদের ভরসা ওই ফুটেজ। তবে, ক্যামেরার ছবিতে দেখা গিয়েছে, দুই বাইক আরোহীর মাথাতেই হেলমেট ছিল। তাই তাদের মুখের ছবি ধরা পড়েনি। এখন প্রযুক্তির সাহায্য নিয়ে তাদের মুখের ছবি পাওয়ার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, ওই মল ও পার্কসার্কাস এলাকা কোন কোন সংস্থা ক্যাশ কালেকশন ও ডেলিভারি করে, কখন তাদের গাড়ি আসে, কখন এটিএমে টাকা ভরে, সেসব অনেকদিন ধরেই নজরে রাখছিল দুষ্কৃতীরা। এই নজরদারি চালাত এক যুবক। সে নিয়মিতভাবে সেই তথ্য পাচার করত চক্রের মাথাদের। ক্যাশ কালেকশন ও ডেলিভারি সংস্থার গাড়িতে আনুমানিক কত টাকা থাকত, সেই তথ্য সরবরাহ করেছিল ওই যুবক।



