ছক্কা হাঁকাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একেবারে বাউন্ডারির বাইরে শট। সদ্য দেশে ফিরেছেন তিনি। আর একের পর এক বড় বাজেটের ছবিতে নাম লেখাচ্ছেন নায়িকা। শুরু করেছেন এস এস রাজামৌলি পরিচালিত ছবি দিয়ে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন মহেশ বাবু। হায়দরাবাদে সেই ছবির শ্যুটিংও শুরু করেছেন প্রিয়াঙ্কা। ফের আরও একটি বড় ছবির সঙ্গে যুক্ত হলেন ‘দেশি গার্ল’। বলি পাড়ায় জল্পনা ছিলই। এবার তাতেই সিলমোহর পড়ল। হৃতিক রোশনের ‘কৃষ ৪’ ছবিতে অভিনয় করবেন তিনি। ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজিতে ‘প্রিয়া’ চরিত্রটি গুরুত্বপূর্ণ। এর আগেও প্রিয়াঙ্কাকে এই ভূমিকায় দেখেছেন দর্শক। আসন্ন ছবিতেও প্রিয়া চরিত্রেই দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নায়িকা। হৃতিকের সঙ্গে এর আগে একাধিকবার পর্দায় দেখা গিয়েছে নায়িকাকে। তবে প্রথমবার হৃতিকের পরিচালনায় কাজ করবেন প্রিয়াঙ্কা। কারণ এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে নিজের ইনিংস শুরু করছেন হৃতিক। যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া ও রাকেশ রোশন যৌথভাবে প্রযোজনা করবেন এই সিনেমা। শোনা যাচ্ছে, কেবল প্রিয়াঙ্কা নন, ছবিতে প্রীতি জিন্টাও থাকবেন। পাশাপাশি তিনটি চরিত্রে দেখা যাবে হৃতিককে।



