Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

করোনাকালে চিকিৎসায় গাফিলতি, বেসরকারি হাসপাতালকে জরিমানা

করোনার সময় বিনা চিকিৎসায় এক যুবকের  মৃত্যুর ঘটনায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

করোনাকালে চিকিৎসায় গাফিলতি, বেসরকারি হাসপাতালকে জরিমানা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  করোনার সময় বিনা চিকিৎসায় এক যুবকের  মৃত্যুর ঘটনায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল। বুধবার সেই নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। 

Advertisement

২০২০ সালে বেলঘরিয়ার যুবক শুভজিৎ চট্টোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের দাবি, তাঁর অক্সিজেন প্রয়োজন ছিল। কিন্তু যুবক করোনা আক্রান্ত সন্দেহ করে তাঁর চিকিৎসা করেনি হাসপাতাল। অভিযোগ, বিনা চিকিৎসায় তাঁকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল। অক্সিজেনের অভাবে শেষ পর্যন্ত  ২০২০ সালের ১০ জুলাই ওই যুবকের মৃত্যু হয়। এর পরেই ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে রাজ্য স্বাস্থ্য কমিশন। যাবতীয় নথি যাচাইয়ের পর অভিযুক্ত হাসপাতালকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় কমিশন। এরপর কমিশনের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। সিঙ্গল বেঞ্চ ক্ষতিপূরণের নির্দেশই বহাল রাখে। পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রোগীকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়া যে কোনও হাসপাতালের কর্তব্য। ওই হাসপাতাল তা করেনি। অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ