নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার কালীপুজো। শুক্রবার থেকেই কলকাতার জগন্নাথ ঘাট ফুল বাজারে জবা ও পদ্মের দাম চড়চড় করে বাড়তে থাকে। ভোর থেকেই এদিন পাইকারি ফুলের বাজারে জবা ও পদ্মের চাহিদা ছিল ব্যাপক। দাম ছিল অন্য আর পাঁচটা দিনের তুলনায় বেশি। এদিন শহরের বিভিন্ন খুচরো ফুলবাজারে জবার মালা ও পদ্ম বিক্রি হয় চড়া দামে। ১০৮ জবার কুঁড়ির মালা বিক্রি হয় কোথাও ১০০ টাকা। কোথাও ১১০, ১২০ টাকায়। পদ্ম প্রতি পিসের দাম ছিল কোথাও ৩০, কোথাও ৩৫ টাকা। বড়ো সাইজের বাসন্তী গাঁদার মালা কোথাও ৪০, কোথাও ৫০ টাকায় বিক্রি হয়। কুঁচো ফুল বিক্রি হয় ২০‑২৫ টাকায়। তাতে বেলপাতা দেওয়া হয় নমো নমো করে। কারণ কালীপুজোতে বেশি মাত্রায় প্রয়োজন হয় বেলপাতার। কালীমূর্তিতে জবার সঙ্গে বেলপাতার মালাও পরানো হয়।



