গুয়াহাটি: অসম্পূর্ণ নির্মাণের ভুয়ো বিল অনুমোদনের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিলেন দুই সিনিয়র আধিকারিক। এই অভিযোগ তুলে আত্মঘাতী হলেন অসম সরকারের পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ৩০ বছরের জ্যোতিষা দাসের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। মানসিক চাপ সৃষ্টি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
জানা গিয়েছে, গুয়াহাটির বাসিন্দা জ্যোতিষা সম্প্রতি বোঙ্গাইগাঁও জেলায় নিযুক্ত হয়েছিলেন। থাকতেন একটি ভাড়াবাড়িতে। গত সোমবার সেখান থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। সঙ্গে একটি সুইসাইড নোট। হাতে লেখা ওই নোটে সুপারিন্টেনডেন্ট দীনেশ মেধি শর্মা ও সাব ডিভিশনাল অফিসার আনিমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন জ্যোতিষা। ভুয়ো বিল অনুমোদনের জন্য ওই দুই আধিকারিক ক্রমাগত তাঁকে চাপ দিতেন বলে অভিযোগ। তিনি লিখেছেন, ‘কাজের জায়গায় আমাকে গাইড করার কেউ নেই। তীব্র চাপের কারণে এই পদক্ষেপ করছি। আমি ক্লান্ত, কোথাও যাওয়ার জায়গা নেই।’ তাঁর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।