অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন গোবিন্দা ও সুনীতা আহুজার পুত্র যশবর্ধন। এর আগে ‘কিক ২’, ‘ঢিশুম’-এর মতো ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। তবে পর্দার সামনে প্রথমবার তাঁকে দেখবেন দর্শক। বাবার ঐতিহ্য কি যশবর্ধন তাঁর কাজের মাধ্যমে বজায় রাখতে পারবেন? সদ্য এই প্রশ্ন করা হয়েছিল সুনীতাকে। জবাবে তিনি বলেন, ‘আমি সবসময় ওর জন্য প্রার্থনা করছি যেন ও পরিচিতি পায়। ঈশ্বর যেন ওকে সমস্ত নেতিবাচক দিক থেকে রক্ষা করেন। তবে বাবার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়া সহজ নয়। দর্শকের অনেক প্রত্যাশা রয়েছে। তা পূরণ করার কাজটা কঠিন। কিন্তু ওর নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। আশা করি বিবেচনা করেই পা ফেলবে।’ কয়েকদিন আগেই গোবিন্দার সঙ্গে সুনীতার বিচ্ছেদ জল্পনা ছড়িয়েছিল বলি পাড়ায়। যদিও প্রকাশ্যে সুনীতা জানিয়েছেন, তাঁর ও গোবিন্দার সম্পর্ক স্বাভাবিক রয়েছে।



