রাজকুমারের চরিত্র। তার প্রস্তুতিও রাজকীয় হওয়াই স্বাভাবিক। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য রয়ালস’-এ ঈশান খট্টর এক রাজপুত্রের ভূমিকায় অভিনয় করেছেন। তাঁর সঙ্গে রয়েছেন ভূমি পেডেনকর। এই ধরনের চরিত্র ঈশানের কেরিয়ারে প্রথম। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রস্তুতি একেবারেই সহজ ছিল না। চরিত্রের সঙ্গে অভিনেতার ব্যক্তিগত জীবনে একটাই মিল। দু’জনেই খুব ইমোশনাল। এই আবেগ ঈশান লুকিয়ে রাখার চেষ্টা করেননি কোনওদিন। ঈশানের কথায়, ‘আবেগের দিক থেকে চরিত্রটির সঙ্গে আমার মিল রয়েছে। এছাড়া নানা ভাবে নিজেকে তৈরি করেছিলাম। খুব কম সময়ের মধ্যে পোলো শিখেছিলাম। কঠিন ছিল। কিন্তু আমি নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি।’ ঈশান এবং ভূমি ছাড়াও জিনাত আমন, সাক্ষী তানওয়ার, মিলিন্দ সোমন, ডিনো মরিয়া, নোরা ফতেহির মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ এই সিরিজ।



