Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানের যোগদানে পাড়া ব্লকে বিরোধীদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত তৃণমূলের

প্রধানের যোগদানে পাড়া ব্লকে বিরোধীদের দখলে থাকা একমাত্র পঞ্চায়েত তৃণমূলের
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ব্লকে বিরোধীদের দখলে থাকা একমাত্র দেউলি গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করল। মঙ্গলবার রাতে বিরোধীদের দখলে থাকা দেউলি পঞ্চায়েতের প্রধান রানুবালা মাহাত তৃণমূলে যোগদান করেন। তার জেরে পঞ্চায়েতটি তৃণমূলের দখলে এল। বর্তমানে পাড়া ব্লকে বিরোধীদের দখলে একটিও পঞ্চায়েত থাকল না। বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে প্রধানকে তৃণমূলে যোগদান করানো হয়েছে।
Advertisement
উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ২০ আসন বিশিষ্ট দেউলি পঞ্চায়েতটি ত্রিশঙ্কু হয়। তৃণমূল কংগ্রেস ন’টি, বিজেপি ও নির্দল পাঁচটি করে ১০টি এবং কংগ্রেস একটি আসনে জয় লাভ করে। পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপি ও নির্দল যৌথভাবে বোর্ড গঠন করে। নির্দল সদস্য রানুবালা মাহাত পঞ্চায়েতের প্রধান হন। উপপ্রধান হয় বিজেপির। নির্দল ও বিজেপি যৌথভাবে পঞ্চায়েতটি পরিচালনা করত। একমাত্র পঞ্চায়েতটি হাতছাড়া হয়ে যাওয়ায় বিজেপি নেতৃত্ব চরম অস্বস্তিতে পড়েছে। এদিন তৃণমূল নেতৃত্ব পাড়া দলীয় কার্যালয়ে প্রধান সহ তাঁর সহযোগী ১০ জনের হাতে দলের পতাকা তুলে দেয়।
রানুবালাদেবী বলেন, তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। পঞ্চায়েত এলাকার মানুষের উন্নয়ন করতে হলে বর্তমান রাজ্য সরকারের প্রয়োজন রয়েছে। তাই তৃণমূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।
বিজেপির জেলা সহ-সভাপতি অসীম চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল প্রলোভন দিয়ে, ভয় দেখিয়ে জোর করে প্রধানকে যোগদান করিয়েছে। যদি প্রধান স্বেচ্ছায় যোগদান করত তাহলে রাতের অন্ধকারে যোগদান করাতে হতো না।
পাড়া ব্লক তৃণমূল সভাপতি উমাপদ বাউরি বলেন, রানুদেবী স্বেচ্ছায় যোগদান করেছেন। তিনি জানেন তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। দেউলি পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছিল। যদি তেমন পরিস্থিতি হতো তাহলে আমরা আগেই বোর্ড গঠন করতে পারতাম।
Advertisement
সম্পর্কিত সংবাদ