সংবাদদাতা, কাকদ্বীপ: ২০২১-২২ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছিলেন উপভোক্তারা। নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতে সেই সময় প্রকৃত উপভোক্তার টাকা চলে গিয়েছিল একই নামের অন্য একজনের ব্যাঙ্ক অ্যকাউন্টে। রাজ্য সরকার নিজের খরচে গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য এখন উপভোক্তা যাচাইয়ের সমীক্ষার কাজ চলছে। আর তা করতে গিয়েই সামনে এসেছে প্রায় দু’বছর আগের এই ত্রুটির বিষয়টি। জানা গিয়েছে, আরতি মাইতি নামে এক গ্রামবাসীর অ্যাকাউন্টে তিন ধাপে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা ঢুকেছিল। অথচ আবাস যোজনার পোর্টাল অনুযায়ী যাঁর টাকা পাওয়ার কথা, তিনি পাননি। তাঁর নামও আরতি মাইতি। মৌসুনির বাগডাঙার বাসিন্দা তিনি। ইতিমধ্যে যে আরতিদেবী টাকা পেয়েছিলেন, তিনি বাড়ি তৈরিও করে নিয়েছেন। মৌসুনি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাইউম খান বলেন, ‘দু’জন আরতি মাইতির পরিবারই দুঃস্থ। অনিচ্ছাকৃত একটি ভুল হয়েছে।’ নামখানার বিডিও অমিত সাউ জানিয়েছেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’



