নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের প্রধান শিক্ষকের উপর ‘চড়াও’ হয়ে ঋত্বিক ঘটকের ‘আমার লেনিন’ ছবির প্রদর্শন হতে দেয়নি তৃণমূল। গত কয়েকদিন ধরে সমাজমাধ্যমে বিস্তর প্রচার চালিয়েছে সিপিএম। ৫ ফেব্রুয়ারি ‘চড়াও’ হয়েছিল বলে অভিযোগ। লালপার্টির একদা মুখপত্রেও তা ফলাও করে প্রচার করা হয়েছিল। কিন্তু নাকতলা হাইস্কুলের প্রধান শিক্ষক জানাচ্ছেন, ওই দিন স্কুলই ছুটি ছিল। সিপিএম বর্ণিত ‘চড়াও’ তত্ত্ব এল কীভাবে? আয়োজনকারী সংস্থাও জানাচ্ছে, ‘চড়াও’ হয়েছিল বলে এমন তথ্য তাদের কাছেও নেই। কথা ছিল, দক্ষিণ কলকাতার নাকতলা হাইস্কুলে ছবিটি দেখানো হবে। প্রধান শিক্ষক অতীন দাস জানিয়েছেন, ৫ তারিখ স্কুলে ‘চড়াও’ হওয়ার কথা প্রচার হয়েছে। উক্ত দিনে স্কুল ছুটি ছিল। প্রসঙ্গত, ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী পালনের পরিকল্পনা নিয়েছিল ‘সেতু’ নামে নাকতলার একটি সংস্থা। ওই সংস্থার সম্পাদক ওঙ্কারপ্রসাদ রায় বলেন, ‘আমাকে প্রধান শিক্ষক জানিয়েছিলেন, প্রদর্শন না করার জন্য চাপ দেওয়া হয়েছে। ভাঙচুরের হুমকি মেলার কথাও জানিয়েছিলেন।’ ওঙ্কারবাবু আরও বলেন, ‘কেউ যে ‘চড়াও’ হয়েছিলেন, এমন কথা প্রধান শিক্ষক আমাকে বলেননি।’



