Bartaman Logo
২৭ মে, ২০২৬

প্রচারের শেষ দিনে প্রিয়াঙ্কার রোড শোয়ে উপচে পড়া ভিড়

প্রচারের শেষ দিনে প্রিয়াঙ্কার রোড শোয়ে উপচে পড়া ভিড়
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
তিরুবনন্তপুরম: ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী জামাত-ই-ইসলামির সমর্থনে ভোটে জেতার চেষ্টা করছেন। ফেসবুক পেজে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কার বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ভোট প্রচারের শেষ দিনে প্রবীণ রাজনীতিককে ঘুরিয়ে জবাব দিলেন কংগ্রেস প্রার্থী। প্রিয়াঙ্কা বলেন, ‘উন্নয়নের মতো বিষয় নিয়ে রাজনীতিকদের মন্তব্য করা উচিত। দ্রব্যমূল্য বৃদ্ধি, উন্নয়ন, বেকারত্ব দূরীকরণের মতো বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। মানুষের নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়া উচিত নয়।’ প্রচারের শষে দিনে রোড শোয়ে ছিল উপচে পড়া ভিড়। প্রিয়াঙ্কা বলেন, আপনাদের ভালোবাসা আমার ক্লান্তি দূর করে দেয়। ভাষণের শেষে মালয়ালম ভাষায় প্রিয়াঙ্কা বলেন, আমি খুব তাড়াতাড়ি আবার আসব।
Advertisement
১৩ নভেম্বর ওয়েনাড় লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন। সোমবারই ছিল প্রচারের শেষ দিন। এদিন প্রিয়াঙ্কার হয়ে প্রচারে যোগ দেন রাহুল গান্ধী। ছিলেন তাঁর মেয়ে মিরায়া এবং ছেলে রাইহানও। তবে কোনও বক্তব্য রাখেননি গান্ধী পরিবারের নবীন প্রজন্ম। এদিন প্রিয়াঙ্কার হয়ে প্রচারে ওয়েনাড়ের সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরেন রাহুল। তিনি বলেন, আগমার্কা রাজনীতিক হিসেবেই তিনি ওয়েনাড়ে প্রথমবার প্রার্থী হয়েছিলেন। ওয়েনাড়বাসীই তাঁকে শিখিয়েছে কীভাবে মানুষকে ভালোবাসতে হয়। এরপরই তাঁর রাজনীতিতে ‘ভালোবাসা’ স্থান করে নেয়। রাহুল বলেন, ‘ওয়েনাড়ে আসার পর থেকেই আমি ভালোবাসার কথা বলতে থাকি। ওয়েনাড়ের মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আমার রাজনৈতিক দর্শনই বদলে গিয়েছে। আমি বুঝেছি ঘৃণা এবং ক্রোধের বিরুদ্ধে অস্ত্র হতে পারে ভালোবাসাই।’ এদিন সাদা টি-শার্ট পরে বোনের হয়ে প্রচারে গিয়েছিলেন রাহুল। টি-শার্টের পিছনে লেখা ছিল, ‘আই লাভ ওয়েনাড়’। ‘লাভ’ লেখাটি আবার গা‌‌ঢ় লাল চিহ্ন দেওয়া। 
সম্পর্কিত সংবাদ