Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ুয়ার কিডনি বদলের জন্য আর্থিক সহায়তা বিধায়কের

পড়ুয়ার কিডনি বদলের জন্য আর্থিক সহায়তা বিধায়কের
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তারকেশ্বর: কিডনির জটিল অসুখে ভুগছে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের রামনগর পঞ্চায়েত এলাকার ছাত্র সন্দীপ দে। বছর বাইশের মেধাবী ছাত্র সন্দীপ আইটিআইয়ের পড়ুয়া। এখন ডায়ালিসিস করেও খুব একটা লাভ হচ্ছে না। ফলে কিডনি প্রতিস্থাপন জরুরি। ঠিক হয়েছে, টোটোচালক বাবা জগাই দে ছেলেকে কিডনি দান করবেন। তবে অন্তরায় চিকিৎসার খরচ। দিন দশেক আগে ‘বর্তমান’-এ এই খবর প্রকাশিত হওয়ার পর অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন। রবিবার তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় ব্যক্তিগতভাবে জগাইবাবুর হাতে তুলে দিয়েছেন ৫০ হাজার টাকা।
Advertisement
সন্দীপ ২০২২ সাল থেকে কিডনির রোগে ভুগছেন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই এতদিন ডায়ালিসিস চলেছে। আগামী ১০ ডিসেম্বর বাবা ও ছেলের অপারেশন। দিন এগিয়ে এলেও জোগাড় হয়নি পুরো টাকা। সব মিলিয়ে দরকার প্রায় ১১ লক্ষ টাকা। এর উপর রয়েছে প্রতি মাসের ওষুধের খরচ। তাও ৪০ হাজারের কম নয়। মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ সাহায্যের বার্তা পেয়েছে এই পরিবার। ডায়ালিসিস করার পর স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে তিন লক্ষ টাকা। বাকি সাড়ে সাত থেকে আট লক্ষ জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পরিবার। বিধায়ক আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি আগামী দিনে সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জগাইবাবুকে।
সন্দীপের বাবা বলেন, স্বাস্থ্যসাথীর কার্ড না থাকলে ছেলেকে হয়তো চিকিৎসাই করাতে পারতাম না। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মিলেছে অর্থ সাহায্যের বার্তা। বিধায়ক এদিন আর্থিকভাবে সাহায্য করেছেন। অনেকেই সাধ্য মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছেও তথ্য সহ আবেদন করেছি। কিন্তু এখনও কোনও উত্তর পাইনি। 
বিধায়ক বলেন, ব্যক্তিগতভাবে আমি সামান্য সাহায্য করেছি। পরিবারটি যাতে আরও আর্থিক সহযোগিতা পায়, তার চেষ্টা করছি। মানবিক মুখ্যমন্ত্রী থাকতে এ রাজ্যে অর্থের অভাবে কেউ চিকিৎসা করাতে পারবে না, এমনটা হতে পারে না। সবাইকেই এই পরিবারের পাশে থাকার আবেদন জানাচ্ছি।
সম্পর্কিত সংবাদ