Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সাবস্টেশন চালুর পরেও বিষ্ণুপুরে বিদ্যুৎ বিভ্রাট

সাবস্টেশন চালুর পরেও বিষ্ণুপুরের ভড়া এলাকায় ঘনঘন লোডশেডিং হওয়ায় শুক্রবার গ্রাহকরা রাধানগর বিদ্যুৎ সাপ্লাই অফিসে বিক্ষোভ দেখান

সাবস্টেশন চালুর পরেও বিষ্ণুপুরে  বিদ্যুৎ বিভ্রাট
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সাবস্টেশন চালুর পরেও বিষ্ণুপুরের ভড়া এলাকায় ঘনঘন লোডশেডিং হওয়ায় শুক্রবার গ্রাহকরা রাধানগর বিদ্যুৎ সাপ্লাই অফিসে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বহু বছর ধরে এলাকার বাসিন্দারা লোডশেডিংয়ের সমস্যায় ভুগছিলেন। রাধানগরে এক বছর আগে নতুন সাবস্টেশন চালুর পর কিছুটা সুরাহা হলেও ফের একই সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরে এলাকায় ঘন ঘন লোডশেডিং চলছে। তাই এদিন প্রায় শতাধিক গ্রাহক রাধানগরে অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার দাবি তোলেন। 

Advertisement

বিদ্যুৎ দপ্তরের বিষ্ণুপুর ডিভিশনাল ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ মণ্ডল বলেন, রাধানগরের অধীনে বর্তমানে চারটি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। তার মধ্যে ভড়ার ফিডারটি থেকে সোনামুখী থানা এলাকার অনেকটা অংশে সরবরাহ হচ্ছে। কিছুদিন ধরে বজ্রপাত হচ্ছে। তাতে বিদ্যুতের তারে বিভিন্ন জায়গায় লিকেজ হচ্ছে। সোনামুখী এলাকায় বিভ্রাট হলেও মেরামতি করার জন্য ভড়ার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। সেজন্য সোনামুখীর দিকের মানিকবাজার, পাথরমোড়া, আমচুড়া প্রভৃতি এলাকার জন্য একটি নতুন ফিডার বসানোর জন্য দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। তা হলে সমস্যা মিটে যাবে। ভড়া এলাকার গ্রাহকরা বলেন, ভড়া এলাকার বাসিন্দারা বহু বছর ধরে লোডশেডিংয়ের সমস্যায় ভুগছিলেন। তারপর বহু আন্দোলনের পর রাধানগরে নতুন সাব স্টেশন তৈরি হয়েছে। কিন্তু, তারপরেও সমস্যা থেকে গিয়েছে। কিছুদিন ধরেই ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ থাকছে না। ভড়া গ্রামে একটি সরকারি ডিগ্রি কলেজ রয়েছে। স্বাস্থ্যকেন্দ্র, আইটিআই কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যুতের অভাবে জেনারেটর চালিয়ে কাজ সারতে হচ্ছে। 
ভড়া গ্রামের বাসিন্দা বলাই গড়াই বলেন, সাবস্টেশন চালুর পর থেকে আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ভাল হয়েছিল। কিন্তু, কয়েকমাস আগে রাধানগর সাবস্টেশন থেকে সোনামুখীর থানার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তখন থেকেই সমস্যা আবারও বেড়েছে। দিনে রাতে যখন তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে আসছে না। ভীষণ সমস্যা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ