Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রেতা খুনে জড়িতদের শাস্তি চেয়ে পোস্টার

নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রেতা খুনে জড়িতদের শাস্তি চেয়ে পোস্টার
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের নয়ারহাট বাজারে সুভাষ বর্মনের খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নয়ারহাট বাজার সহ পুঁটিমারি, চাটামপাড়া এলাকার একাধিক জায়গায় পোস্টার লাগিয়েছে স্থানীয় কিছু বাসিন্দা। যদিও পোস্টারের নীচে কারও বা কোনও সংগঠনের নাম নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু আন্দোলনের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত খুনের ঘটনার তদন্তে কোনও গতি দেখছি না আমরা। আমাদের দাবি, দ্রুত চার্জশিট জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হোক। যদিও পুলিস জানিয়েছে, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে খুনের কথা স্বীকার করেছে। তদন্তকারী অফিসার নিয়ম মেনে চার্জশিট জমা দেবেন। 

Advertisement

প্রসঙ্গত, গত ৫ মে নয়ারহাট বাজারের ঝালমুড়ি বিক্রেতা সুভাষ বর্মন খুন হন। পরের দিন সিসি ক্যামেরায় হাড়হিম করা একটি ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যায় গভীর রাতে সুভাষ বর্মনকে ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছিল। ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। খুনিকে গ্রেপ্তারের দাবিতে নয়ারহাট পুলিস ফাঁড়ির সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। অবশেষে খুনের ঘটনায় একজনকে পুলিস গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, পুরনো শত্রুতার জেরেই ওই খুনের ঘটনা ঘটেছে। 
এ ব্যাপারে নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার পুঁটিমারির গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয়কুমার বর্মন বলেন, সুভাষ বর্মনের খুনের ঘটনায় একজন গ্রেপ্তার হলেও পুলিস তদন্ত নিয়ে তেমনটা তৎপর নয়। আমরা চাইছি দ্রুত চার্জশিট জমা দেওয়া হোক। দোষী ব্যক্তির বিরুদ্ধে শুরু হোক বিচার প্রক্রিয়া। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হোক। 
মাথাভাঙার মহকুমা পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রেতার খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে খুনের কথা স্বীকার করেছে। তদন্তকারী অফিসার নিয়ম মেনে চার্জশিট জমা দেবেন। দোষী ব্যক্তি নিশ্চয়ই সাজা পাবে। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ