Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় তরুণ প্রজন্মকে আগ্রহী করতে ‘এন জেন’ পোস্ট অফিস ডাকবিভাগের

তরুণ প্রজন্মের জন্য পুরোপুরি অ্যাপ নির্ভর পরিষেবা চালু করতে চলেছে ডাক বিভাগ

হলদিয়ায় তরুণ প্রজন্মকে আগ্রহী করতে ‘এন জেন’ পোস্ট অফিস ডাকবিভাগের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: তরুণ প্রজন্মের জন্য পুরোপুরি অ্যাপ নির্ভর পরিষেবা চালু করতে চলেছে ডাক বিভাগ। এজন্য আর্থিক লেনদেন সহ তিনটি ক্ষেত্রে এআই প্রযুক্তি ব্যবহার করছে ডাক বিভাগ। ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি এআই নির্ভর আধুনিক পোস্ট অফিসের সুবিধে পাবেন গ্রাহকরা। বুধবার হলদিয়ায় পূর্ব মেদিনীপুরের প্রথম ‘এন-জেন’ অর্থাৎ নেক্সট জেনারেশন পোস্ট অফিস উদ্বোধন করে একথা বলেন রাজ্যের চিফ পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার। তিনি বলেন, নতুন প্রজন্মের ছাত্রছাত্রী এবং তরুণদের অর্থাৎ জেন জি-দের পোস্ট অফিসমুখী করতেই দেশজুড়ে এন-জেন পোস্ট অফিস তৈরি হচ্ছে। এই এন-জেন পোস্ট অফিস আসলে আধুনিক, প্রযুক্তি চালিত এবং গ্রাহক-বান্ধব ডাক পরিষেবা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রচলিত ডাক পরিষেবার সঙ্গে যুক্ত করতে ইন্ডিয়া পোস্টের উদ্যোগে ২০২৫ সালের ডিসেম্বর থেকে চালু হয়েছে পোস্ট অফিসের এই নয়া শাখা। এদিন হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে এন-জেন সাব পোস্ট অফিস যাত্রা শুরু করল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ, পোস্ট মাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায়, আই কেয়ার সংস্থার সম্পাদক আশিস লাহিড়ি এবং বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা। এতদিন ওই জায়গায় ঘুপচি ঘরে প্রচলিত ধরনের একটি সাব পোস্ট অফিস ছিল। এখন সেখানে প্রশস্ত জায়গায় এন-জেন একটি স্মার্ট ডাকঘরের ‘লুক’ পেয়েছে। ঝা চকচকে কর্পোরেট অফিসের মতো ওই পোস্ট অফিসে আতিথেয়তার জন্য রয়েছে কফি ভেন্ডিং মেশিন, বড় স্মার্ট টিভি। দেওয়ালজুড়ে শিল্পীর আঁকা হলদিয়া বন্দর ও শিল্প কারখানা। তার মাঝখানে ছুটছে ডাক হরকরা। সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’ কবিতা চিত্রায়িত করা হয়েছে দেওয়ালজুড়ে। পোস্ট মাস্টার জেনারেল বলেন, রবীন্দ্রনাথের ‘পোস্টমাস্টার’-এর সেই ডাকঘর এখন বহু পথ পেরিয়ে ‘জেন জি’ পোস্ট অফিস হয়ে উঠেছে। এখানে তরুণ প্রজন্মের মতো করে পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত ডাকবিভাগ। সারা দেশে ১০০টির বেশি এ ধরনের পোস্ট অফিস তৈরি হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এ রাজ্যে এখন পর্যন্ত ৫টি এধরনের পোস্ট অফিস চালু হয়েছে। আগামীদিনে শান্তিনিকেতন সহ আরও তিনটি এন জেন পোস্ট অফিস চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান ঋজুবাবু। তিনি বলেন, হলদিয়ার পড়ুয়াদের নিয়ে একটি দেওয়ার চিত্র ও ম্যুরাল প্রতিযোগিতা করবে ডাক বিভাগ। সেরা ছবিগুলি দিয়ে এই এন জেন পোস্ট অফিস সাজানো হবে। এছাড়া কোনো পড়ুয়ার ডাকটিকিট সংগ্রহের নেশা থাকলে তাও মিলবে সহজেই। আশিস লাহিড়ি বলেন, হলদিয়ার এইচআইটি ক্যাম্পাসে ডাক বিভাগের এই পরিষেবা শিল্পশহরের পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ। এন জেন পোস্ট অফিসে সুযোগ-সুবিধা মিলবে মূলত বিনামূল্যে ওয়াই-ফাই, কিউ আর ভিত্তিক বুকিং ও পেমেন্ট ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য ডেডিকেটেড সার্ভিস কাউন্টার এবং কনসেশনাল পার্সেল বা চিঠিপত্র আদান-প্রদানের সুবিধে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ