• মুম্বইয়ের মিঠি নদীর পলি নিষ্কাশনে দুর্নীতির অভিযোগ। এই ঘটনায় অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করল মুম্বই পুলিস। সোমবার পুলিসের অর্থনৈতিক অপরাধ শাখার (ইওডব্লু) প্রশ্নের মুখে পড়েন তিনি। জানা গিয়েছে, মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসন অর্থ বরাদ্দ করেছিল। তার মধ্যে ৬৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ভুয়ো নথি পেশ, তহবিল তছরুপের অভিযোগও রয়েছে। পাশাপাশি যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তাঁরা ভুয়ো লগবুক, স্লিপ জমা দিয়েছেন। এই মামলার তদন্ত এগতেই ডিনো মোরিয়ার নাম উঠে আসে। তারপরই তাঁকে তলব করে মুম্বই পুলিস। কীভাবে জুড়ল ডিনোর নাম? সূত্রের খবর, এই মামলার মূল অভিযুক্ত কেতন কদমের সঙ্গে একাধিকবার ফোনে কথা হয়েছে ডিনো ও তাঁর ভাই সান্তিনোর সঙ্গে। দুর্নীতির সঙ্গে ডিনো কোনওভাবে যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিস।



