Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ‘ধর্ষণ’! তদন্তে পুলিশ

যাদবপুরের এক অভিজাত আবাসনে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে যাদবপুরে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে তিন বছর ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ।

তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ‘ধর্ষণ’! তদন্তে পুলিশ
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের এক অভিজাত আবাসনে তরুণীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীকে যাদবপুরে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে তিন বছর ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ। কিছুদিন পর ফ্ল্যাট বিক্রি করে বেপাত্তা হয়ে যান তরুণ। তার খোঁজ না পেয়ে শেষ পর্যন্ত যাদবপুর থানায় লিখিত অভিযোগ করেন তরুণী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর সঙ্গে একটি পার্টিতে পরিচয় হয় তরুণের। সেখানে ফোন নম্বরও আদানপ্রদান হয়। অভিযুক্ত ও অভিযোগকারিনী দু’জনেই ব্যবসায়ী। প্রথমে তরুণীর সঙ্গে ব্যবসা নিয়ে কথাবার্তা হতো তাঁদের মধ্যে। এরপর দু’জনের মধ্যে আলাপ জমে ওঠে। নিয়মিত রাতেও মেসেজ আদানপ্রদান চলত। তরুণীকে বিয়ে করবেন বলে জানান অভিযুক্ত। তাতে রাজি হন অভিযোগকারিনী। যাদবপুরের একটি অভিজাত আবাসনে ফ্ল্যাট ছিল অভিযুক্ত তরুণের। সেখানে প্রায়ই আসতেন ওই তরুণী। অভিযোগ সেখানে তাঁকে লাগাতার ধর্ষণ করেন অভিযুক্ত। এমনকী বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়েও তাঁকে ধর্ষণ করা হয়।
তিন বছর সম্পর্কে থাকার পর ওই তরণী অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তখন বিভিন্ন অজুহাতে তা এড়াতে শুরু করেন ওই তরুণ। তরুণীর সঙ্গে কথাবার্তা কমিয়ে দেন। এমনকী ফোনও ধরতেন না। হঠাৎ ওই তরুণী জানতে পারেন, যাদবপুরের ওই ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন অভিযুক্ত যুবক। এরপর তিনি বারবার যোগাযোগের চেষ্টা করেও তা করতে পারেননি।
দেখা যায়, মোবাইল নম্বর বদলে ফেলেছেন অভিযুক্ত। তরুণী তখন বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন। এরপরই চলতি বছরের শুরুতে যাদবপুর থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। তার ভিত্তিতে কেস রুজু করে থানা। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তাঁর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা। অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ