নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে পুলিশকে দলদাসে পরিণত করেছে বিজেপি সরকার। বুধবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই মর্মে অভিযোগ করল তৃণমূল। দলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ বললেন, যে পুলিশের কাজ সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করা, সেই পুলিশকে রাজনৈতিক কাজে অপব্যবহার করছে বিজেপি। পুরনো বিষয় তুলে এফআইআর করছে। যার নামে এফআইআর, তাঁকে কপি দেওয়া হচ্ছে না। সোজা জেলে পাঠানো হচ্ছে। তিনি বলেন, দুনিয়া দেখল তৃণমূলের ক্যামাক স্ট্রিটের অফিসে জোর করে পুলিশ আর পুরসভার লোকজন ঢুকল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ডেরেক ও’ব্রায়েনকে ধাক্কা মারল। মাটিতে পড়েও গেলেন ডেরেক। আর এখন তাঁদের বিরুদ্ধেই পুলিশ এফআইআর করছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে। এর চেয়ে পুলিশের অপব্যহারের আর কোনো উদাহরণ হতে পারে নাকি?



