চণ্ডীগড়: পাঞ্জাবে শুক্রবার বাস দুর্ঘটনায় মৃত্যু হল আট জনের। এদের মধ্যে দু’বছরের এক শিশু-কন্যা রয়েছে। দুর্ঘটনায় জখম হয়েছেন ২৬ জন। বেসরকারি বাসটি তালওয়াণ্ডি সাবো থেকে ভাতিন্ডা যাচ্ছিল। সেতু পার হওয়ার সময় বাসটি জীবন সিং ওয়ালা গ্রামের কাছে নালায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির উপর বাজ পড়েছিল। তখনই বাসের নিয়ন্ত্রণ হারান চালক। ভাতিন্ডা আরবান কেন্দ্রের বিধায়ক জগরূপ সিং গিল জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচজনের। গুরুতর জখম তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। অন্যান্য জখমদের শহিদ ভাই মানি সিং সিভিল হাসপাতালে চিকিৎসা চলছে। জগরূপ জানান, স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারের কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ, পুলিস এবং স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিস এবং প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি সেতুর রেলিং ঘেঁসে এগিয়ে চলেছিল। সেতু শেষ হতেই সেটি নোংরা নালায় পড়ে যায়।



