সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া ব্লকের রসিদপুর পঞ্চায়েতের উদ্যোগে ডব্লুবিসিএস, রেল সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কোচিং সেন্টার ‘জাঙ্গিপাড়া উত্তরণ’-এর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডব্লুবিসিএস এগজিকিউটিভ জয়েন্ট সেক্রেটারি সুজয় সিকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি তমালশোভন চন্দ্র, রসিদপুর পঞ্চায়েতের প্রধান স্বপন পাত্র সহ বিশিষ্টরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দপ্তরে চাকরির পরীক্ষার যাবতীয় প্রশিক্ষণ মিলবে এখানে।
Advertisement
রসিদপুর পঞ্চায়েতের সভাকক্ষটি এই প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে। পঞ্চায়েত সমিতির সভাপতি তমালশোভন চন্দ্র বলেন, ছ’মাস আগে এখানে বিনামূল্যে স্পোকেন ইংলিশ পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই ৬০ জন ছাত্রছাত্রী এখানে ক্লাস করেন। এই প্রত্যন্ত এলাকার বহু ছাত্রছাত্রী কলকাতা বা অন্যান্য জায়গায় গিয়ে সরকারি চাকরির প্রশিক্ষণ নিতে পারেন না। সেকথা ভেবেই আমরা প্রতিমাসে কাগজ, বই সহ আনুষঙ্গিক খরচের জন্য সামান্য কিছু অর্থ নিয়ে কোচিং সেন্টারটি চালাচ্ছি। যদি কারও এই টাকা দিতে সমস্যা হয়, তাঁদের বিনামূল্যে সপ্তাহে তিনদিন পড়ানো হবে। পরিবহণমন্ত্রী বলেন, পঞ্চায়েতের এই ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। শুধু জাঙ্গিপাড়া নয়, আশপাশের ব্লকের ছাত্রছাত্রীরাও এই কোচিং সেন্টারে পড়ার সুযোগ পাবেন। শিক্ষা জগতের নামকরা ব্যক্তিত্বরা এখানে প্রশিক্ষণ দেবেন।



