সংবাদদাতা, কাকদ্বীপ: কুলপির দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদারের খুনের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা করল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বিকেলে এই মিছিলের নেতৃত্ব দেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। পথের সাথী থেকে মিছিল বিডিও অফিস পর্যন্ত যায়। এরপর বিডিও অফিসের সামনে সভা করা হয়। সভা থেকে দোষীদের বিরুদ্ধে কঠিনতম শাস্তির দাবি তোলা হয়। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, নুরুদ্দিনের খুনের ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তার করতে হবে। তাদের কঠিনতম শাস্তি দিতে হবে। আর সেই কারণেই এই ধিক্কার মিছিলের পাশাপাশি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।



