সংবাদদাতা, কল্যাণী: চাকদহ ব্লকের দুবরা পঞ্চায়েত অফিসে সোমবার বিক্ষোভ দেখালেন ওই পঞ্চায়েতেরই কয়েকজন সদস্য। বিভিন্ন বেনিয়ম নিয়ে অভিযোগ তুলে এদিন পঞ্চায়েতের সচিবকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাস এদিন উপস্থিত ছিলেন না। ওই পঞ্চায়েত গঠিত ৩০ জন সদস্য নিয়ে। তার মধ্যে পাঁচজন সিপিএমের ও পাঁচজন সদস্য বিজেপির। বাকিরা রাজ্যের শাসকদলের। সড়ক ও শৌচালয় নির্মাণ, সজলধারা প্রকল্প সহ আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। ঘণ্টা তিনেক চলার পর বিডিও অফিস থেকে প্রতিনিধি এসে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। তবে পঞ্চায়েতের তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।



