Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পঞ্চায়েত-পুরসভার সব জনপ্রতিনিধির ডেটা ব্যাঙ্ক গড়তে উদ্যোগ তৃণমূলের

পঞ্চায়েত-পুরসভার সব জনপ্রতিনিধির ডেটা ব্যাঙ্ক গড়তে উদ্যোগ তৃণমূলের
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পঞ্চায়েত কিংবা পুরসভা স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এবার ডেটা ব্যাঙ্ক তৈরি করছে তৃণমূল ভবন। এক ক্লিকেই যাতে দলের সব জনপ্রিতিনিধির তথ্য পাওয়া যায়, তার কাজ শুরু হয়েছে। আগামী দিনে দলের স্থানীয় স্তরের কোনও জনপ্রিতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করে কোনও নির্দেশ পাঠানো বা এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেওয়া যায়, সেইদিকে লক্ষ্য রেখেই এই ডেটা ব্যাঙ্ক তৈরির উদ্যোগ বলে মনে করা হচ্ছে। 
Advertisement
প্রধানত সাংসদ, বিধায়কদের নাম-ফোন নম্বর তৃণমূলের ফাইলে থাকবে এটাই স্বাভাবিক। পরবর্তী ধাপে পুরসভার চেয়ারম্যান এবং জেলা পরিষদের সভাপতিদের তথ্য রয়েছে। কিন্তু প্রত্যেক পুরসভার কাউন্সিলর কিংবা পঞ্চায়েত স্তরের সব জনপ্রতিনিধির তথ্য যাতে ফাইলে থাকে, সেদিকেই এবার বিশেষ নজর দিয়েছে তৃণমূল ভবন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদাররা এই ডেটা ব্যাঙ্ক তৈরি করছেন। বলা হচ্ছে সেন্ট্রালাইজড ডেটাব্যাঙ্ক। তৃণমূল ভবন সূত্রে খবর, সেখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত সদস্যদের তথ্য থাকবে। কোনও পঞ্চায়েতে তৃণমূলের কতজন জনপ্রতিনিধি আছেন, তাঁদের সম্পর্কেও থাকবে বিস্তারিত তথ্য। একইরকমভাবে পুর এলাকায় কাউন্সিলারদের সম্পর্কেও বিস্তারিত তথ্য থাকবে এই ডেটা ব্যাঙ্কে। 
ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কাছে জনপ্রিতিনিধিদের নাম-ফোন নম্বরের অনেকটাই ডেটা রয়েছে। তবে রাজ্যে দলের টিকিটে যতজন নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তৃণমূল ভবন তাঁদের তথ্য হাতের কাছে রাখতে চাইছে। এই পরিকল্পনা ও উদ্যোগের কারণ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যস্তরের এক নেতার বক্তব্য, দলনেত্রীর নির্দেশ অনুযায়ী তা তৈরি করা হচ্ছে। এই ডেটা ব্যাঙ্কে সব জনপ্রতিনিধির তথ্য সংরক্ষিত রাখার কারণ অনেক। ডেটা ব্যাঙ্ক থেকে ফোন নম্বর নিয়ে গ্রাম পঞ্চায়েতের কোনও জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করে দলের নির্দেশ পৌঁছে দেওয়া যাবে। ওই জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগের জন্য ঘুরপথে যাওয়ার প্রয়োজন পড়বে না। কোনও এলাকায় দলের সংগঠন কোন পর্যায়ে রয়েছে, তা সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে জেনে নেওয়া যাবে। এছাড়া স্থানীয় স্তরের সঙ্গে রাজ্য নেতৃত্বের সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করতে এই ডেটা ব্যাঙ্ক তৈরির উদ্যোগ। এই বিষয়ে বিশদে তথ্য দেওয়ার জন্য জেলা পরিষদের সভাধিপতিদের কাছে জনপ্রতিনিধিদের নাম-ফোন নম্বরের তালিকা চাওয়া হয়েছে। 
অন্যদিকে, তৃণমূলের সংগঠনে চর্চা চলছে রদবদল নিয়ে। জারি রয়েছে তার প্রস্তুতিও। রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক-টাউন-অঞ্চল সভাপতি পদেও বেশকিছু বদল হবে বলে দলীয় সূত্রে খবর।
সম্পর্কিত সংবাদ