চণ্ডীগড়, ২৩ ডিসেম্বর: জন্মদিনের পার্টিতে চলল গুলি। মৃত্যু হল ৩ জনের। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার রাত আড়াইটা নাগাদ পঞ্চকুলার একটি রিসর্টে। পুলিস সূত্রে খবর, গতকাল জন্মদিনের পার্টি উদযাপনের জন্য ওই এলাকার একটি রেস্তরাঁয় অনেকেই এসেছিলেন। সেইসময় কোনও একটি বিষয় নিয়ে সেখানে গোলমাল, বিবাদ হয়। তারপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে। এলোপাথাড়ি গুলি চালিয়ে অকুস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়। পরে রাত ৩টে নাগাদ স্থানীয় থানায় ফোন করে বিষয়টি জানানো হয়। পুলিস এসে তিনজনের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৃতেরা হলেন ভিকি, বিনীত এবং এক যুবতী। ওই মহিলা হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ২ যুবক থাকতেন দিল্লিতে। ঘটনার খবর পেয়ে আসেন ডিসিপি হিমাদ্রি কৌশিকও। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান পুরানো শত্রুতার জেরেই ঘটনাটি ঘটে থাকতে পারে। জানা যাচ্ছি ৩০ বছরের ভিকির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফলে এটি গ্যাং ওয়ারের ঘটনাটি কী না সেটিও খতিয়ে দেখছে হরিয়ানা পুলিস। শুরু হয়েছে তদন্ত।



