পুনে: মর্মান্তিক পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। মৃত্যু দুই ট্রেনি পাইলটের। গুরুতর জখম এক ছাত্রী সহ আরও দু’জন। সোমবার ভোর সাড়ে তিনটে নাগাদ পুনের জৈনকওয়াড়িতে ভিগওয়ান-বারামতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। পাইলটদের এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মেরে উল্টে যায়। পুলিস জানিয়েছে, নিহত দুই ট্রেনি পাইলট হলেন তক্ষু শর্মা (২১) এবং আদিত্য কানসে (২১)। তাঁদের মধ্যে আদিত্যর বাড়ি মুম্বইয়ে এবং তক্ষুর দিল্লিতে। জখম হয়েছেন কৃষ্ণা সিং এবং চেষ্টা বিষ্ণোই। তাঁদের মধ্যে কৃষ্ণা গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা বারামতীর একটি অ্যাভিয়েশন অ্যাকাডেমির ছাত্রছাত্রী। দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনাটি ঘটেছে। তাঁরা মদ্যপ ছিলেন বলেন পুলিসের প্রাথমিক তদন্তে অনুমান। আহতরা ভিগওয়ানের হাসপাতালে ভর্তি রয়েছেন।



