Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পড়ানোর নাম করে দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি

পড়ানোর নাম করে দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার বাড়ির কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকার শিব ঠাকুর লেনে। কিশোরী ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে পকসো আইনে শ্লীলতাহানি ও অশালীন শব্দপ্রয়োগের মামলা দায়ের করেন। পুলিস জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক রোহিত পান্ডের খোঁজ শুরু করেছে গিরিশ পার্ক থানার পুলিস। 
Advertisement
সূত্রের খবর, শিব ঠাকুর লেনে একটি কোচিং সেন্টার রয়েছে রোহিতের। সেখানে তিনি বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় পড়ান। দশম শ্রেণির ব্যাচের পড়ুয়ারা সেখানে পড়তে যায় সোমবার। অভিযোগ, রবিবার সকালে পড়ার জন্য ডাকা হয় ১৬ বছরের ওই কিশোরীকে। শনিবার রাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই বার্তা দেওয়া হয়। শিক্ষকের এই বার্তা পেয়ে রবিবার সকালে কোচিং সেন্টারে পৌঁছে যায় ছাত্রী। কিন্তু, সেখানে ওই ব্যাচের আর কেউ ছিল না। সন্দেহ হওয়ায় তাঁকে প্রশ্নও করে ওই ছাত্রী। পরিবারের দাবি, ওই শিক্ষক তাকে বলে, রবিবার বলে বাকিরা কেউ পড়তে আসতে চায়নি। অভিযোগ, পড়ানোর নাম করে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন শিক্ষক। কিশোরী প্রতিবাদ করলে তার শ্লীলতাহানি করা হয়। এরপর কোনওক্রমে ওই কোচিং সেন্টার থেকে পালিয়ে আসে ষোড়শী। বাড়িতে এসে কাঁদতে শুরু করে এবং মাকে গোটা ঘটনা খুলে বলে। রবিবার সন্ধ্যায় থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন ছাত্রীর মা। অভিযোগের ভিত্তিতে শিব ঠাকুর লেনের ওই কোচিং সেন্টারে অভিযান চালায় গিরিশ পার্ক থানার তদন্তকারী অফিসাররা। যদিও সেখানে রোহিত পান্ডে ছিলেন না। স্থানীয় সূত্রের খবর, ছাত্রী দৌড়ে পালানোর পর ওই বাড়ি ছেড়ে চম্পট দিয়েছেন শিক্ষক। তাঁর মোবাইল ফোনের লোকেশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও নজরে রেখেছে পুলিস।
সম্পর্কিত সংবাদ