বই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু নিজের জার্নি নিয়ে কখনও বই লিখতে চান না বলে জানালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। সদ্য নয়াদিল্লিতে আয়োজিত বইমেলায় গিয়েছিলেন অভিনেতা। সেখানে পঙ্কজ বলেন, ‘যদি কখনও বই লেখার সুযোগ হয়, আমি নিজের জার্নি নিয়ে কিছু লিখব না। কারণ সেটা আর পাঁচজনের মতোই। বরং কবিতা লিখব। কারণ কবিতায় অনেক কম শব্দে অনেক কথা বলা যায়।’ কোনওদিনই খুব বেশি কথা বলতে পছন্দ করেন না পঙ্কজ। একের পর এক সাক্ষাৎকার দেওয়াতেও তাঁর আগ্রহ নেই। বরং নানা বিষয়ের বই তাঁকে সমৃদ্ধ করে। পঙ্কজের কথায়, ‘লক্ষ করে দেখবেন, কীভাবে ব্যর্থতা সামলাতে হবে, সে বিষয়ে অনেকে অনেক বই লিখছেন। কিন্তু কীভাবে সাফল্য সামলাবেন, সে বিষয়ে বই কোথায়? তার কারণ হয়তো মাত্র এক শতাংশ মানুষ সাফল্য পান। তাই সাফল্যের বাজার নেই। ব্যর্থতার বাজার রয়েছে।’ সাহিত্যধর্মী বই অভিনেতার পছন্দ। তাঁর মতে, জীবনে সঠিক পথে চলতে গেলে শুধুমাত্র বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত নয়। বরং সাহিত্যধর্মী মনন থেকেও জীবনের দিকে তাকানো উচিত।



