Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পানাগড় রেলপাড়ায় শৌচাগার কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার আগেই রঙের প্রলেপ, ক্ষোভ  

পানাগড় রেলপাড়ায় শৌচাগার কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার আগেই রঙের প্রলেপ, ক্ষোভ
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানকর: পানাগড় রেলপাড়ার ঝুপড়িপাড়ায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে শৌচাগার কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। তবে বাইরে রঙের কাজ শেষ হলেও ভিতরে কোনও কাজ হয়নি। ফলে প্রায় মাস পাঁচেক ধরে পড়েই রয়েছে নবনির্মিত শৌচাগার কমপ্লেক্সটি। বিরোধীদের অভিযোগ, শৌচাগার তৈরির নামে টাকা নয়ছয় হয়েছে। মানুষের কোনও লাভ হয়নি। এই বিষয়ে জেলা পরিষদের কৃষি, সেচ, সমবায় কর্মাধ্যক্ষ সমীর বিশ্বাস বলেন, ব্লকে শৌচালয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে। ঝুপড়িপাড়ার শৌচালয়ের কাজ সম্পূর্ণ হয়নি এটা জানলাম। দ্রুত ব্যবস্থা নিচ্ছি। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের সময় প্রতিশ্রুতি মিলেছিল এলাকায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য শৌচালয় হবে। সরকারি উদ্যোগে সেই কাজ শুরুও হয়। কিন্তু কাজ আবার বন্ধ হয়ে যায়। এভাবেই চলছিল। সম্প্রতি বাইরে রং করার কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু ভিতরে কোনও কাজ হয়নি। ফলে এলাকার বাসিন্দাদের সমস্যার সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দা প্রতিমা বাউরি বলেন, আমাদের বাথরুমে যেতে খুবই সমস্যা হয়। জলেরও সমস্যা রয়েছে। নতুন শৌচাগার করে দেখানো হচ্ছে যে, কাজ হয়েছে। কিন্তু বাসিন্দাদের কোনও লাভ হচ্ছে না। 
স্থানীয়দের অভিযোগ, শৌচাগার থাকা সত্ত্বেও এলাকার পুরুষ-নারী নির্বিশেষে অনেককেই মাঠে-ঘাটে যেতে হয়। দিনের পর দিন এভাবে খোলা জায়গায় শৌচকর্মের জেরে এলাকায় দূষণ ছড়াচ্ছে। তাছাড়া শরীর অসুস্থ হলে অথবা রাতের বেলায় মাঠে শৌচকর্ম করতে যেতে সমস্যা হয়। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা হারাধন বাউরি বলেন, রাতে মাঠে-ঘাটে শৌচকর্মে যেতে সমস্যা হচ্ছে। একই অভিযোগ করে ছোট্টু ঠাকুর বলেন, ভিতরে শৌচসামগ্রী নেই। জলের ব্যবস্থাও নেই। কবে এটা সম্পূর্ণ হবে তার ঠিক নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সাধারণত নির্মাণ কাজ শেষ হলে তবেই রঙের কাজ করা হয়। এখানে আগেই রঙের কাজ হয়ে গেল। বিষয়টি নিয়ে বিজেপি নেতা রমন শর্মা বলেন, আমরা ইতিমধ্যেই বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি। পঞ্চদশ সিএফসি ফান্ড ও স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে এই নির্মাণ কাজ হয়েছে। অর্থাৎ কেন্দ্র টাকা দিলেও এই রাজ্যে শাসকদল তা অপচয় করছে। মানুষের সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত পদক্ষেপ না হলে আন্দোলন করা হবে।
সম্পর্কিত সংবাদ