Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পানীয় জলের সঙ্কটে দায়ী ডিভিসি, ওয়ার্ডে ঘুরে বোঝাবেন কাউন্সিলাররা

পানীয় জলের সঙ্কটে দায়ী ডিভিসি, ওয়ার্ডে ঘুরে বোঝাবেন কাউন্সিলাররা
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘ডিভিসি পর্যাপ্ত জল না ছাড়ার জন্যই শহরের জল সঙ্কট। তাই বিভিন্ন ওয়ার্ডে জল দিতে হিমশিম খেতে হচ্ছে’। এই অভিযোগকে সামনে রেখে এবার জনসংযোগে নামছে তৃণমূল কাউন্সিলাররা। সোমবার বোর্ড মিটিংয়ে এমনই সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরসভা। এদিন কল্যাণেশ্বরীতে গড়ে ওঠা পুরসভার গেস্ট হাউসের উদ্বোধন করেন চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তাঁর সভাপতিত্বে সেখানেই হয় বোর্ড মিটিং। সেখানে একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মানুষের কাছে যাওয়ার কথা বলা হয়েছে, তেমনই কাউন্সিলারদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজেদের ওয়ার্ডে যাঁরা সরকারি ভাতা পাওয়ার যোগ্য, তাঁদের তালিকা প্রস্তুত করতে। যাতে আসন্ন দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমেই প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। এসব উদ্যোগের মূল লক্ষ্য একটাই—মিশন ২০২৬। অর্থাৎ, বিধানসভার ভোট। বিজেপির অবশ্য দাবি, মানুষকে এভাবে বিভ্রান্ত করে ভোট পাবে না তৃণমূল।
Advertisement
চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, ডিভিসি পর্যাপ্ত জল না দেওয়ার জন্য‌ই শহরে জল সংকট। কাউন্সিলারদের বলা হয়েছে, বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে হবে। পাশাপাশি, ডিভিসির কাছে আমরাও নতুন করে দরবার করব। যাতে পর্যাপ্ত জল পাওয়া যায়। দুয়ারে সরকার ক্যাম্প নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিটি মানুষ যেন মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলির সুবিধা পান, তা নিশ্চিত করতে বলা হয়েছে কাউন্সিলারদের। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, জল নিয়ে তৃণমূল মিথ্যাচার করছে। ডিভিসি আগের মতোই জল দিচ্ছে। বালি লুট করার জন্য রাজ্য সরকার চেক ড্যাম্প বানায়নি। চেক ড্যাম্প থাকলেই বহু সমস্যা মিটে যেত।
Advertisement
সম্পর্কিত সংবাদ