নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ১৬৫ কোটি টাকার খসড়া বাজেট পেশ হল পশ্চিম বর্ধমান জেলা পরিষদে। জেলাশাসকের উপস্থিতিতে অর্থ বিষয়ক স্থায়ী কমিটির মিটিংয়ে এদিন বাজেট পেশ করা হয়। যা নিয়ে বিস্তারিত আলোচনাও হয়। এদিন প্রথমে জেলা পরিষদের কনফারেন্স হলে অর্থের স্থায়ী সমিতির সদস্যদের নিয়ে খসড়া বাজেট পেশ হয়। পরে সার্কিট হাউসে জেলা পরিষদের সাধারণ সভায় তা পাশ করা হয়। এবারের বাজেটে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, রাস্তা, ব্রিজ নির্মাণের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে পানীয় জলের সমস্যা মেটানোর উপরও। নিজেদের আয় বাড়াতে জেলা পরিষদের হাতে থাকা মার্কেট কমপ্লেক্সগুলি দ্রুত ভাড়া দেওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন, আসন্ন অর্থবর্ষে কী ভাবে কাজ করা হবে তা স্থির করে বাজেট পেশ করা হয়েছে। রাস্তা, পানীয় জল, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। আয় বাড়াতে জেলা পরিষদের স্থায়ী সম্পদগুলি ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে।
Advertisement
জেলা পরিষদের অধীনে রয়েছে রানিগঞ্জের বিশাল মার্কেট কমপ্লেক্স। ২০০৭ সালে তৈরি সেই তিনতলা বিল্ডিংয়ে ১৭৫টি দোকান ঘর রয়েছে। তা ভাড়া দিয়ে বিপুল রাজস্ব আসতে পারে। এতদিন ধরে তা ব্যবহৃত না হয়েই পড়ে আছে। লক্ষ লক্ষ টাকা ক্ষতি হচ্ছে জেলা পরিষদের। সাম্প্রতিককালে দোকানঘর বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে ২০ জন নথি জমা দিয়ে জানিয়েছেন, তাঁরা ঘর আগে পেয়েছেন। বাকি মার্কেট কমপ্লেক্স দ্রুত চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। একই ভাবে বামুনআড়া মার্কেট কমপ্লেক্স অব্যবহৃত। সেখানে ২৭টি দোকান ঘর এবং দুই ও তিনতলা অফিস ঘর হিসেবে ভাড়া দেওয়ার উপযুক্ত। এগুলি নতুন করে ভাড়া দেওয়ার উদ্যোগ শুরু হতেই দশজন দাবি করেছে, দশটি দোকান ঘর আগেই তাদের দেওয়া হয়েছিল। বাজেটে ধরা হয়েছে, এগুলি থেকে বছরে সাড়ে পাঁচ লক্ষ টাকা আয় করবে জেলা পরিষদ। একই ভাবে আসানসোলের বর্ধমান ভবন ভাড়া দিয়ে ২ লক্ষ ৪৭ হাজার টাকা আয়ের দিশা বাজেটে দেখানো হয়েছে। বিল্ডিং ও জমির লাইসেন্স ফি বাবদ ৬ লক্ষ ২৪ হাজার টাকা আয় করা যাবে বলে বাজেটে উল্লেখ রয়েছে।



