গুয়াহাটি, ২ সেপ্টেম্বর: শুরু ২০২৩ সালের মে মাসে। তার পর থেকে ভ্রাতৃঘাতী সংঘর্ষে রক্তাক্ত মণিপুর। প্রাণ হারিয়েছেন আড়াইশোর বেশি মানুষ। গৃহহীন প্রায় ৬০ হাজার। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও গত দু’বছরে বেশি সময়ে হিংসা কবলিত উত্তর-পূর্বের এই রাজ্যটিতে যাওয়ার সময় পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সব ঠিকঠাক থাকলে চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি তিনি গোষ্ঠী সংঘর্ষে বিদীর্ণ এই রাজ্য সফরে যাবেন বলে সূত্রের খবর। দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও সম্ভবত ১৩ বা ১৪ সেপ্টেম্বর তাঁর এই সফরের সম্ভাবনা।



