সংবাদদাতা, ডোমকল: প্রায় চার মাস থেকে বেহাল রানিনগরের গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিস্রুত পানীয় জলের প্ল্যান্ট। পানীয় জলের প্রকল্পটি দীর্ঘদিন ধরে বেহাল থাকায় সমস্যায় পড়েছেন রোগী ও পরিজনরা। অভিযোগ, হাসপাতালে বিকল্প পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। আর সেই কারণেই টাকা খরচ করে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে তাঁদের। হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের উদাসীনতার কারণেই এতদিন ধরে বেহাল থাকলেও জলের প্ল্যান্টটিকে সারানো হয়নি বলে অভিযোগ। তাঁরা দ্রুত ওই প্ল্যান্টটিকে মেরামতের দাবি জানিয়ে সরব হয়েছেন।
Advertisement
রানিনগর ২ ব্লকের রানিনগর বাজারেই অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রটি। খাতায় কলমে সেটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হলেও রুরাল হাসপাতালের মতো রোগীদের ভিড় লেগেই থাকে। প্রতিদিন শ’য়ে শ’য়ে রোগী হাসপাতালে ভিড় জমান। তাঁদের পানীয় জলের জন্য বছর কয়েক আগে বিএডিপি প্রকল্পে রানিনগর ২ বিডিও’র তরফে হাসপাতালের মধ্যেই প্রায় ৮ লক্ষ টাকা খরচে জলের প্ল্যান্ট বসানো হয়েছিল। বছর কয়েক বাদেই ওই প্ল্যান্টে সমস্যা দেখা দেয়। এরপরে কয়েকবার সারানো হয়েছিল। মাস চারেক আগে থেকে ফের বেহাল হয়ে পড়ে জলের ওই প্রকল্পটি। এদিকে হাসপাতালের অন্তঃবিভাগের গেটের মুখেই একটি নলকূপ রয়েছে। হাসপাতালের রোগী থেকে কর্মীদের একাংশের অভিযোগ, ওই নলকূপের জল খাওয়ার অযোগ্য। তাই তাঁরা বাধ্য হয়ে বাইরে থেকে জল কিনে পান করেন। হাসপাতালের এক রোগীর আত্মীয় শহিদুল শেখ বলেন, আমার বউ হাসপাতালে ভর্তি। ওর জন্য নলকূপ থেকে জল নিতে গিয়ে দেখি তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরে ওই প্ল্যান্টটিতে জল নিতে গিয়ে দেখি তা খারাপ হয়ে পড়ে রয়েছে। শেষপর্যন্ত বাধ্য হয়ে বউয়ের জন্য বাইরে থেকে কুড়ি টাকা দিয়ে জলের বোতল কিনে আনতে হয়েছিল। প্রকল্পটি ঠিকঠাক থাকলে বিনামূল্যেই ওই জল পাওয়া যেত। রানিনগর ২ ব্লক স্বাস্থ্য আধিকারিক শামিম আখতার বলেন, এর আগে একবার বিডিও সাহেব ওই প্রকল্পটি সারানোর ব্যবস্থা করেছিলেন। এবারে কী করা যায় দেখছি।



