Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে নয়া বছরে উৎপাদন শুরু, মজবুত হবে রাস্তা

প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্পে নয়া বছরে উৎপাদন শুরু, মজবুত হবে রাস্তা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে। সেকারণে পরিবেশ রক্ষার স্বার্থে প্লাস্টিকের‌ ব্যবহার কমানোর পাশাপাশি বিকল্পের উপর জোর দিচ্ছেন পরিবেশ কর্মীরা। এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্লাস্টিকের বর্জ্য রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করলে তা বেশি টেকসই হয়। তাই রাজ্যের বেশ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়। তাতে সাফল্য মেলায় রাস্তার কাজের জন্য এবার প্লাস্টিক সংগ্রহে জোর দিয়েছে উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েত। সূত্রের খবর, আগামী বছরের গোড়ায় পঞ্চায়েতের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে উৎপাদন শুরু হবে।
Advertisement
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে রাজ্যের সবকটি গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি পঞ্চায়েতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পও চালু হয়েছে। সেইমতো হাওড়া গ্রামীণ জেলার কালীনগর গ্রাম পঞ্চায়েতে দু’টি প্রকল্পই তৈরি হয়েছে। এই পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া ১ ব্লকের ন’টি ও ২ নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্লাস্টিক বর্জ্য এখানে এনে সেগুলিকে ব্যবহারযোগ্য করে তোলা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছে কালীনগর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের প্রধান শেখ দেরাসাত হোসেন বলেন, মূলত রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়ের উদ্যোগেই এই গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প তৈরি করা হয়েছে। আমরা এখন প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ শুরু করেছি। মেশিনপত্র এসে গিয়েছে। আগামী বছরের শুরুতেই উৎপাদন শুরু হবে। উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, প্রকল্প থেকে উৎপাদিত সামগ্রী পিচের সঙ্গে মিশিয়ে রাস্তা নির্মাণ করা হবে।
সম্পর্কিত সংবাদ