সংবাদদাতা, বনগাঁ: প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মকলের তৈরি থালা-গ্লাসের ব্যবহার বন্ধে অভিযান বনগাঁ পুরসভার। বৃহস্পতিবার পুরসভার আধিকারিক ও পুলিস যৌথভাবে হানা দেন বনগাঁর একাধিক বাজারে। এদিন বনগাঁর ট’ বাজারে অনেক দোকানেই প্লাস্টিক ক্যারিব্যাগের রমরমা চোখে পড়ে অফিসারদের। পুরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করতে অনুরোধ করা হয়। নিরঞ্জন সাহা মার্কেটেও এদিন হানা দেন পুরসভার আধিকারিকরা। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমরা ব্যবসায়ীদের সময় বেঁধে দিয়েছি। এরপর কেউ যদি প্লাস্টিক ক্যারিব্যাগ দেন, তাহলে তাঁকে জরিমানা করা হবে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।



