Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের গাড়িতে বোমা, পালাতে গিয়ে মগরায় পাকড়াও দুই দুষ্কৃতী

পুলিসের গাড়িতে বোমা, পালাতে গিয়ে মগরায় পাকড়াও দুই দুষ্কৃতী
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রীতিমতো হিন্দি সিনেমার কায়দায় গাড়ি নিয়ে তাড়া করে দুই ডাকাতকে ধরে ফেলল হুগলি গ্রামীণ জেলা পুলিস। পালানোর সময় ডাকাতরা পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লে গাড়ির কাচ চুরচুর হয়ে যায়। ওই অবস্থায় দীর্ঘ পথ ধাওয়া করে শেষমেশ দুই ডাকাতকে ধরতে সক্ষম হয়েছে পুলিস। দু’দিন আগেই ঝাড়খণ্ডের আট দুষ্কৃতীর একটি দলকে আগ্নেয়াস্ত্র সহ হুগলির চণ্ডীতলা থেকে গ্রেপ্তার করেছিল পুলিস। সেই রেশ কাটতে না কাটতেই হুগলি ফের উঠে এল অপরাধের শিরোনামে।
Advertisement
মগরা পালপাড়া রোডে গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে পূর্ব বর্ধমানের কালনায় একটি বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করে চারজনের এক দুষ্কৃতী দল। এরপর দু’টি বাইকে চেপে তারা গুপ্তিপাড়া হয়ে হুগলিতে ঢোকে। খবর পাওয়া মাত্রই বলাগড়, মগরা ও পাণ্ডুয়া থানার বিভিন্ন পয়েন্টে নাকা চেকিং বসানো হয়। মগরা পালপাড়ার কাছে নম্বরপ্লেট বিহীন দু’টি বাইকে চারজনকে আসতে দেখে আটকানোর চেষ্টা করে পুলিস। এরপর ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিস পিছু ধাওয়া করে। প্রথমে বিটিপিএস টাউনশিপ গেটের কাছে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে ওই ডাকাতরা। এরপর কালীতলা ব্রিজের কাছে ফের রাস্তা আটকালে পুলিসের গাড়ি লক্ষ্য করে বোমাবাজি শুরু করে চার ডাকাত। এই ঘটনায় পুলিসের গাড়ির গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে যায়। জখম হন দুই পুলিসকর্মী। ওই অবস্থায় তাড়া করে দু’জন ডাকাতকে ধরতে সক্ষম হন তাঁরা। ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীণ পুলিসের উচ্চপদস্থ কর্তারা। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, কাটারি ও শাবল বাজেয়াপ্ত করেছে পুলিস। উদ্ধার হয়েছে নম্বর প্লেটবিহীন দু’টি বাইক, লুটের গয়না ও টাকা। 
সম্পর্কিত সংবাদ