Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিস সুপারের নির্দেশই সার! শুরু হয়নি ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ

পুলিস সুপারের নির্দেশই সার! শুরু হয়নি ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু কড়া সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল পুলিস। ভাড়াটিয়াদের তথ্য যাচাই করার কথাও ঘোষণা হয়। কিন্তু, এখনও সেই কাজ শুরু না হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। কবে, এই কাজ শুরু হবে, তার অপেক্ষায় রয়েছেন নাগরিকরা। 
Advertisement
সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনা। বাংলাদেশ বা বাইরের জেলা থেকেও অনেকে বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া বা অশোকনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। কিন্তু সেই ভাড়াটিয়াদের মধ্যে কেউ অপরাধী কি না, তা প্রথমে কেউই টের পান না। পরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে আসে। এমন একটি গয়ংগচ্ছ ব্যবস্থায় ইতি টানার কথা ভাবছে পুলিস। এছাড়া উদ্বেগজনক বিষয় হল, যাঁরা ভাড়া দেন, তাঁরা ভাড়াটিয়ার ভোটার বা আধার কার্ড নিয়ে রাখলেও সেগুলি আসল না কি নকল, তা যাচাই করে নেন না। ফলে নিজেদের পরিচয় অনায়াসেই গোপন রেখে নির্ভয়ে থাকতে সাহস পাচ্ছে দুষ্কৃতীরা।
বারাসত পুলিস জেলার পুলিস সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া কয়েকদিন আগে বলেছিলেন, ভাড়াটিয়াদের নথি পুলিসের কাছে রাখতে একটি ফর্ম তৈরি করা হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ দিয়ে এবং ফর্মটি পূরণ করে ভাড়াটিয়াদের তা থানায় জমা রাখতে হবে। পুলিস দ্রুত এই কাজ শুরু করবে বলেও জানিয়েছিলেন তিনি। কিন্তু এখনও সেই প্রক্রিয়া কোনও থানা শুরু করতে পারেনি বলেই জানা গিয়েছে।
এ নিয়ে বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার স্পর্শ নীলাঙ্গি বলেন, কিছু সমস্যার কারণে এখনও এটি শুরু করা যায়নি। তবে দ্রুত তা চালু হবে। বারাসত শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনামিকা দাস বলেন, কয়েকদিন আগে বাংলাদেশ থেকে বারাসত শহরে এসে পরিচয় গোপন রেখে থাকা শুরু করেছিল এক দুষ্কৃতী। পরে সে চুরিও করে! মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। ফলে পুলিসের এ বিষয়ে তৎপর হওয়া প্রয়োজন। পুলিস সুপার বলেছিলেন, ভাড়াটিয়াদের নথি যাচাই করা হবে। কিন্তু এখনও তা শুরু হল না। মধ্যমগ্রামের প্রবাল নাগের কথায়, যেভাবে ছোট বা বড় অপরাধ ঘটছে, তাতে আমাদের চিন্তা বাড়ছে। আমার পাশের বাড়িতে কোনও দুষ্কৃতী ভাড়া নিয়ে রয়েছে কি না, তা জানা মুশকিল। এটা পুলিসের পক্ষে সম্ভব। তাই, আবাসিকদের নথি ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন বা স্থানীয়ভাবে সংগ্রহ করা জরুরি হয়ে উঠেছে।
সম্পর্কিত সংবাদ