নিজস্ব প্রতিনিধি কলকাতা: খুনের মামলায় অভিযুক্ত হিসাবে পুলিস খড়্গপুরের বাসিন্দা সোনুকুমার বর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। পরে পুলিসি হেফাজতে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। গত অক্টোবরের এই ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। মামলাকারী প্রণয় বসাকের আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের দাবি, গত ১১ অক্টোবর শরীরে আঘাত লেগে সোনুকুমারের মৃত্যু হয়েছে। খড়্গপুর সদর থানায় পুলিসি হেফাজতে থাকাকালীন তাঁর মৃত্যু হয়েছিল বলে আদালতে দাবি করেছেন প্রণয়ের আইনজীবী উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। গত অক্টোবরে খড়্গপুর টাউন থানার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডে রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয় এক নাবালকের পচাগলা দেহ। সে কয়েক দিন ধরে নিখোঁজ ছিল। ওই কিশোরকে খুনের অভিযোগে তার দিদি লিজা কুমারী এবং দিদির বন্ধু সোনুকুমারকে গ্রেফতার করে পুলিস।



