Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পালানোর আগে চুরি করা টাকা থেকে ভাইকে ধারও দেয় চিকনা

পালানোর আগে চুরি করা টাকা থেকে ভাইকে ধারও দেয় চিকনা
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অ্যাপক্যাব নিয়ে চুরি! তাও আবার এক পরিচিত ব্যক্তির বাড়িতে। ৭ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল সে। চুরির সেই টাকা থেকে ১ লক্ষ টাকা ভাইকে ধারও দিয়েছিল। বাকি ১১ লক্ষ টাকার সোনা ও নগদ নিয়ে লেকটাউন থেকে বিহারে পালাচ্ছিল ক্যাবচালক। কিন্তু, বিহারে পৌঁছনোর অনেক আগেই পুলিসের হাতে পাকড়াও হয়েছে অভিযুক্ত। পুলিস জানিয়েছে, ধৃত দিলীপ মাহাত ওরফে চিকনার কাছ থেকে ৭ লক্ষ টাকার গয়না এবং নগদ ৪ লক্ষ টাকা উদ্ধারও করা হয়েছে। যে ক্যাব নিয়ে সে পালাচ্ছিল, সেই ক্যাবটিও উদ্ধার করা হয়েছে। তবে, শুধু চুরির ঘটনা নয়। যৌনকর্মী নিয়ে প্রতারণার ঘটনায় সে আগেও গ্রেপ্তার হয়েছিল।
Advertisement
বিধাননগর কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, গত ৭ ফেব্রুয়ারি রাতে দক্ষিণদাঁড়ি এলাকায় একটি বাড়িতে চুরি হয়। ওইদিন বাড়িতে কেউ ছিলেন না। সেই বাড়িতে ফোন করেছিল চিকনা। ৮ ফেব্রুয়ারি পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন, চুরি হয়েছে! বিষয়টি তাঁরা পুলিসকে জানান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস জানতে পারে, ক্যাব নিয়ে দুষ্কৃতী চুরি করতে এসেছিল। তারপরই চিকনার ফোন নম্বর পায় পুলিস। নম্বর ট্র্যাক করে দেখে, ২ নম্বর জাতীয় সড়ক ধরে সে ডানকুনি ছাড়িয়ে আসানসোলের দিকে এগচ্ছে। লেকটাউন থানা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানাকে জানায়, পালসিট টোলপ্লাজায় গাড়িটিকে পাকড়াও করতে। পিছু নেওয়ার চেষ্টা করে লেকটাউন থানার পুলিসও। মেমারি থানার পুলিস অভিযুক্তকে টোলে ধরে ফেলে।
বিধাননগর কমিশনারেট জানিয়েছে, চুরির নগদ ৫ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা উদ্ধার করা যায়নি। কারণ, চিকনা তার ভাইকে ওই টাকা ধার দিয়েছে। এখন ভাইয়ের খোঁজ চলছে। জানা গিয়েছে, চিকনা বেশ কয়েক বছর আগে যৌনকর্মীকে সঙ্গে নিয়ে প্রতারণা করত। গাড়িতে এক যৌনকর্মীকে নিয়ে সে ঘুরত। তারপর লিফ্ট দেওয়ার নামে পুরুষ যাত্রী তুলত। পরে ওই যৌনকর্মীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে সে পুরুষ যাত্রীকে ভয় দেখাত। তার কাছে যা টাকা থাকত, তারা নিয়ে নিত। ওই ঘটনায় এর আগেও সে গ্রেপ্তার হয়েছিল। পুলিস জানিয়েছে, ধৃত চিকনার বাড়ি বিহারের মুজফ্ফরপুরে। সে চুরির মালপত্র নিয়ে গ্রামের বাড়িতেই পালাচ্ছিল। কিন্তু, তার আগেই ধরা পড়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ