নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বারাকপুরের দু’নম্বর ওয়ার্ডের কালিয়ানিবাস এলাকায় পুকুর বোজানোর অভিযোগ উঠল। পুকুরের পাড় কিছুটা বুজিয়ে সেখানে টিনের ঘর করা হয়েছে। এই নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ। রবিবার সন্ধ্যায় তাঁরা পুকুর বোজানোর চেষ্টার বিরুদ্ধে মিছিল করেন। বিশাল ওই মিছিল থেকে স্লোগান ওঠে, জলাশয় ভরাট করা যাবে না, পুকুরের পাড় বুজিয়ে তৈরি টিনের ঘর ভাঙতে হবে।
Advertisement
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার সম্রাট তপাদার জানিয়েছেন, এটি কালিয়ানিবাস এলাকার বড় পুকুর নামে পরিচিত। ব্যক্তি মালিকানায় রয়েছে। এই পুকুরের উপরে বহু মানুষ নির্ভরশীল। কেউ পুকুরের ধার বোজানোর চেষ্টা করছে। টিনের ঘর তৈরি করা হয়েছে। কিন্তু সরকারি নির্দেশ রয়েছে, কোনও জলাশয় ভরাট করা যাবে না। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই প্রতিবাদ করা হয়েছে। এই সম্পর্কে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, পুকুরটির পাড় ভেঙে গিয়েছে। সেসব বুজিয়ে অস্থায়ী ঘর করা হচ্ছে। আমরা বলে দিয়েছি, পুকুর বোজানো যাবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র



