Bartaman Logo
২৭ মে, ২০২৬

পড়ুয়াকে শাসন, শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের

পড়ুয়াকে শাসন, শিক্ষককে বেধড়ক মার অভিভাবকদের
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চণ্ডীগড়: ক্লাসরুমে বসে চুইং গাম খাচ্ছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। দেখামাত্র ছাত্রটিকে বকা দেন শিক্ষক। এর জন্য তাঁকে বেধড়ক মারধর করল পড়ুয়ার পরিবারের সদস্যরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষক। সোমবারের এই ঘটনাটি হরিয়ানার কর্ণালের নাগলা রোদান গ্রামের। শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিস। চলছে তদন্ত। 
Advertisement
পুলিস সূত্রে খবর, শিক্ষকের কাছে বকা খাওয়ার বিষয়টি বাড়িতে গিয়ে জানায় ওই পড়ুয়া। তারপরেই স্কুল চত্বরে ঢুকে যায় অভিভাবকরা। কিছু বুঝে ওঠার আগেই ওই শিক্ষককে বেধড়ক মারধর করতে থাকে তারা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, হামলাকারীদের হাতে রয়েছে লাঠি ও কাস্তে। বাকি শিক্ষক-শিক্ষিকারা অভিযুক্তদের স্কুলের একটি ঘরে আটকে রাখেন তাঁরা। এরপর থানায় খবর দেওয়া হয়। তবে পুলিস আসার আগেই দু’জন পালিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার করে পুলিস।  ঘটনায় শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শিক্ষক ইউনিয়নের প্রধান রমেশের বক্তব্য, ‘এখন স্কুলে শিক্ষকরা নিরাপদ নন। আমরা স্কুল বন্ধ রাখতে চাই না। কিন্তু ওখানে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হামলাকারীরা একজন শিক্ষকের নাক ভেঙে দিয়েছে। স্কুলে ২১ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। প্রত্যেকেই আতঙ্কিত।’
সম্পর্কিত সংবাদ