Bartaman Logo
২৭ মে, ২০২৬

পাক নাগরিকের বেটিং অ্যাপের অফিসে তল্লাশি, বাজেয়াপ্ত নথি

পাক নাগরিকের বেটিং অ্যাপের অফিসে তল্লাশি, বাজেয়াপ্ত নথি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নয়াদিল্লি: পাক নাগরিকের মালিকানাধীন বেটিং ওয়েবসাইট। এদেশে ওই ওয়েবসাইটের পরিচালকরা তদন্তের মুখে পড়েছে। বেআইনিভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সম্প্রচারেরও অভিযোগ উঠেছে পাক নাগরিকের মালিকানাধীন ম্যাজিংউইন নামের ওই ওয়েবসাইটের বিরুদ্ধে। এই ঘটনার তদন্তে নেমে দিল্লি, মুম্বই ও পুনেতে সংস্থার অফিসে নতুন করে তল্লাশি চালাল ইডি। আমেদাবাদ পুলিসের সাইবার শাখার পক্ষ থেকে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই তল্লাশি বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার ইডি জানিয়েছে, ১০ থেকে ১২ ডিসেম্বর এই তল্লাশিতে ৩০ লক্ষ টাকার ব্যাঙ্ক আমানত এবং কিছু সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় ৬৮ জায়গায় তল্লাশি চালানো হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে মোট ৩ কোটি ৫৫ লক্ষ টাকা। ইডির অভিযোগ, গেমিং ওয়েবসাইটের আড়ালে বেটিং ওয়েবসাইট চালায় ম্যাজিংউইন। পাকিস্তানি মালিকানাধীন এই ওয়েবসাইট দুবাই থেকে চালনা করেন মূলত ভারতীয়রাই। দেশে এই ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ