সংবাদদাতা, কল্যাণী: জগদ্ধাত্রী পুজোয় চাঁদা না দেওয়ায় গলায় গামছার ফাঁস লাগিয়ে বেধড়ক মারধর করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। চাঁদার জুলুমবাজির ঘটনাটি ঘটেছে শনিবার রাতে চাকদহ থানার শিমুরালির মালোপাড়া এলাকায়। জানা গিয়েছে, চাকদহ চৌগাছা এলাকার মাংস বিক্রেতা উত্তম মণ্ডল রাতে মালোপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক রাস্তা আটকে তাঁর কাছে স্থানীয় একটি জগদ্ধাত্রী পুজোর চাঁদা চায়। অভিযোগ, পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়া হয় উত্তমের কাছে। সেই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ধাক্কাধাক্কি করা হয়। অল্প কিছু টাকা দিতে চাইলেও রাজি হয়নি যুবকেরা। এরপর পাশের আমবাগানে তাঁকে টেনে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারধর করা হয়। কোনওরকমে বাইকে উঠে চলে আসার সময় বাইক ধাক্কা মেরে পাশের গর্তে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ উত্তমের পরিবারের। খবর পেয়ে পরিবারের লোকেরা উত্তমকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।



