নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী পুজোর মুখেই মঙ্গলবার রাতে ধস নামল চন্দননগরের রাস্তায়। বিরাট আকারের ধসকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর স্ট্রান্ড থেকে বেশোহাটা যাওয়ার রাস্তায় হাটখোলার কাছে ধস নেমেছে। ওই রাস্তাটি কেবিসি রোড নামে পরিচিত। সম্প্রতি জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটি রাস্তাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এদিনের ঘটনায় কেন্দ্রীয় কমিটির কর্তারা আতঙ্কিত। ওই রাস্তা দিয়েই জগদ্ধাত্রী ভাসানের শোভাযাত্রা যায়। প্রায় ২৪৮টি লরি এবারের শোভাযাত্রায় থাকবে। আর লরিতে থাকবে বিরাট ভারযুক্ত দেবী প্রতিমা ও আলোকসজ্জা। ফলে, মঙ্গলবার রাতের ঘটনায় আতঙ্কের আবহ তৈরি হয়েছে। স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় সুয়ারেজ ব্যবস্থায় ফাটল ধরা পড়েছিল। এদিন তা মেরামত করতে গিয়েছিলেন পুরকর্মীরা। তারপরেই রাস্তার বড় অংশ ক্রমশ ধসে যায়। স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ ফুট এলাকার রাস্তা বসে গিয়েছে। চন্দননগরের রাস্তায় মাঝেমধ্যেই ধস নামছিল। কিন্তু এদিন বিরাট আকারের ধস রাস্তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এমনকী জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। কেন্দ্রীয় পুজো কমিটির চেয়ারম্যান নিমাই দাস বলেন, খুবই উদ্বেগের ঘটনা। আমরা আতঙ্কিত। যদিও চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রাস্তা সবল করে তোলা হবে। জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা নির্বিঘ্নে করতে আমরা দায়বদ্ধ। -নিজস্ব চিত্র



