Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজালিতে সোনার দোকানে দেওয়াল ভেঙে চুরি

পুজালিতে সোনার দোকানে দেওয়াল ভেঙে চুরি
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: পুজালি থানা এলাকার বিডিও-১ অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এক সোনার দোকানে দুঃসাহসিক চুরি হল। সোমবার গভীর রাতে দোকানের পাকা দেওয়াল ভেঙে ভিতরে ঢোকে চোরের দল। এরপর দোকানে রাখা সোনা ও রূপোর গয়না সব হাতিয়ে নেয় তারা। দোকানদারের দাবি, সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দোকান খোলার পর মালিক দেখতে পান, পিছনের দেওয়াল ভাঙা। ভিতরে লণ্ডভণ্ড অবস্থা। তিনি বিষয়টি পুলিসকে জানান। এরপর পুজালি থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
Advertisement
প্রাথমিকভাবে পুলিস মনে করছে, এই কাজ যারা করেছে, তাদের ভিতর কেউ সোনার দোকানের মালিকের পরিচিত। কারণ রোজই দোকানের মালিক রাতে বাড়ি যাওয়ার সময় সোনা ও রূপোর সব অলঙ্কার নিয়ে চলে যান। সোমবারই তিনি সেগুলি দোকানে রেখে চলে গিয়েছিলেন। এই তথ্য পরিচিত লোকই দুষ্কৃতীদের দিয়েছে। ওই দোকানে যাওয়া-আসার রাস্তা ও সংলগ্ন এলাকায় বসানো সিসি ক্যামেরার ছবি সংগ্রহ করছেন তদন্তকারীরা।
সম্পর্কিত সংবাদ