সংবাদদাতা, বনগাঁ: পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় জখম হলেন প্রায় ২০ জন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কালুপুর এলাকায় যশোর রোডে। জানা গিয়েছে, এদিন সকালে নদীয়ার কাষ্টডাঙা থেকে বনগাঁ সাতভাই কালীতলা মন্দিরে পুজো দিতে আসে একটি পরিবার। একটি ছোট চার চাকার গাড়ি করে প্রায় ২০ জনের একটি দল এসেছিল। গাড়িতে বেশিরভাগ শিশু ও মহিলা ছিলেন। এদিন বিকেল ৪টে নাগাদ দ্রুতগতিতে বনগাঁর দিক থেকে আসছিল গাড়িটি। কালুপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় সেটি। এই ঘটনায় আহতদের বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।



